বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ আটক ৫
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, মুদ্রা পাচারের অভিযোগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এক নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মাকসুদর রহমান (৩৮), মো. বাদল খান (৪৪), এস এম রফিকুল ইসলাম (৩৫) এবং দুই যমজ ভাই মো. রাজন শিকদার ও মো. সুমন শিকদার (৪০)।
আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল ওই পাঁচ জনের।
“বোর্ডিং ব্রিজে তাদের দেহ তল্লাশি করে সৌদি আরব, মালয়শিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মুদ্রা পাওয়া যায়।”
বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্যমান প্রায় ৮৬ লাখ ৪২ হাজার টাকা বলে আলমগীর জানান।
