১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২৭ আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতি নিয়ে ‘হারমোনি ফেস্টিভাল’

মেলায় তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোষাক, ব্যবহৃত গহনা, শিকারে ব্যবহৃত তীর-ধনুক ইত্যাদি স্থান পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 07:30 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

২৭টি আদিবাসী গোষ্ঠীর খাবার-দাবার, পণ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে তিন দিনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

শুক্রবার সিলেটের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠের এ অনুষ্ঠানে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ আয়োজনে ২৭টি আদিবাসী গোষ্ঠী মেলায় স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোষাক, ব্যবহৃত গহনা, শিকারে ব্যবহৃত তীর-ধনুক ইত্যাদি প্রদর্শন করছে। 

এছাড়া তাদের নিজস্ব সংস্কৃতি যেমন—নাচ, গান, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ যাবতীয় বিষয়াদি দর্শনার্থীদের সামনে উপস্থাপনের সুযোগ পাবে। 

এ আয়োজন শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, উৎপাদিত পণ্যের প্রচারের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ সাধন করবে, তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে ভাষ্য মন্ত্রণালয়ের। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।