২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেল-জুলুম-নির্যাতনে মাঠ ছাড়া যাবে না’

গত নির্বাচনের আগে আন্দোলনে ব্যর্থতার কথা স্বীকার করে নতুন কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 02:22 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের কিছু মানুষের ব্যর্থতার কারণেই গত ৫ জানুয়ারি সরকার একতরফাভাবে নির্বাচন করে নিতে পেরেছে। ওই নির্বাচনে ১৫৪টি আসনে ভোটই হয়নি, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।”

আন্দোলনের নতুন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ‘ত্যাগ স্বীকার করার’ সর্বাত্মক প্রস্তুতি নিতে বলেন রফিকুল।

“জেল-জুলুম-নির্যাতনে মাঠ ছাড়া যাবে না। মনে রাখতে হবে, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো না গেলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।”

দ্রুত নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “ভোট ছাড়া এই সরকার ক্ষমতা দখল করে আছে। এভাবে  তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, দ্রুত নির্বাচন দিতে হবে। নইলে রাজপথে আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প আমাদের থাকবে না।”

আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে আগামী রোববার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পরদিন ২০ দলীয় জোটের বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন।

দলটির নীতিনির্ধারকরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে চলতি মাসেই কর্মসূচি দেয়া হবে।

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘ জাতীয় সম্প্রচার নীতিমালা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসে বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও বেসরকারি টেলিভিশনসহ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে একটি জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এর গেজেটও তারা প্রকাশ করে ফেলেছে।

“আমরা মনে করি, এই নীতিমালা সংবিধানের ৪১ ধারার পরিপন্থি। এর মাধ্যমে আওয়ামী লীগ অতীতের একদলীয় বাকশালের মতোই সংবাদপত্র-বেসরকারি টেলিভিশনসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে। সংবাদপত্র ও গণমাধ্যম গণতন্ত্রের প্রাণ শক্তি। একে রক্ষা করতে হবে।”

জাতীয় সম্প্রচার নীতিমালার স্বাধীন মত প্রকাশের পরিপন্থি আখ্যা দিয়ে অবিলম্বে সাংবাদিক সমাজকে মতভিন্নতা ভুলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

সংগঠনের সভাপতি আলতাফ হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য নবী উল্লাহ নবী ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।