মুগদায় বস্তায় লাশ, বোটানিক্যাল গার্ডেনে পুকুরে
রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে এক তরুণীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুগদার আনন্দধারা সেতুর কাছে পাওয়া গেছে এক যুবকের বস্তাবন্দি লাশ।
নগরীর শাহ আলী থানার ওসি মো. সেলিমুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোটানিক্যাল গার্ডেনের একটি পুকুরে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর লাশ পাওয়া যায়।
“তার পরনে ছিল চেকের সালোয়ার-কামিজ। লাশের অনেক জায়গায় পচন ধরেছে।”
পরিচয় সনাক্তের সুবিধার জন্য ওই তরুণীর হাতের ছাপ রাখা হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর মুগদার আনন্দধারা সেতুর কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ সেখানে উপস্থিত হয়ে বস্তা খুলে এক যুবকের লাশ পায় বলে মুগদা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ অনেকটা পঁচে গেছে। কিছু বোঝা যাচ্ছে না।”
নিহতের পরিচয় জানা গেছে কিনা জানতে চাইলে ওসি বলেন, “তার বয়স হবে আনুমানিক বিশ বছর। একজন নারী ঘটনারস্থলে এসে কান্নাকাটি করছিলেন। তাকে থানায় এনে আমরা কথা বলব। তখন বিস্তারিত জানা যাবে।”
