গাজীপুরে ঢাবি ছাত্রী অপহৃত
গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মেয়েকে অপহরণের অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা ছয়জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাওজোড় এলাকার আবুল হাসেম (৫০) ও তার ছেলে নাজমুল ইসলামকে ((২৬) আটক করা হয়েছে বলে জয়দেবপুর থানার এএসআই সফিকুল ইসলাম জানিয়েছেন।
ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। ইটাহাটা এলাকায় পরিবারের সঙ্গে বসবাসরত ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়েন।
ওই ছাত্রীর মা এজাহারে উল্লেখ করেন, নাওজোড় এলাকার এক যুবক এক বছর ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। গত ৭ অগাস্ট ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে ওই যুবক ও তার সহযোগীরা তার মেয়েকে তুলে নিয়ে যায়।
