ফরিদপুরে অস্ত্র চুরির মামলায় ‘সাংবাদিক’ কারাগারে
ফরিদপুর শহরে অস্ত্র চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় একটি পত্রিকার প্রকাশককে কারাগারে পাঠানো হয়েছে।
নিজেকে সাংবাদিক ও মানবধিকারকর্মী হিসেবে পরিচয় দেওয়া হায়দার হোসেন খানের (৪০) বাড়ি শহরের পশ্চিম খাবাসপুরে। তিনি ফরিদপুর থেকে নতুন প্রকাশিত ‘দৈনিক নাগরিক দাবি’র প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক।
বৃহস্পতিবার দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।
গত ২৮ জুলাই চরকমলাপুর নিবাসী মৃত বশির আহমেদের স্ত্রী নাসরিন আক্তারের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
মামলায় বলা হয়েছে, গত ৬ জুলাই আনুমানিক রাত ৩টার দিকে নাসরিন আক্তারের বসতঘরের দরজার তালা ভেঙে একটি দোনলা বন্দুক, দুটি গুলি ও দশ ভরি সোনার গহনাসহ ঘরের প্রায় ১১ লাখ টাকার মালামাল চুরি হয়।
এবিষয়ে কোতয়ালী থানায় নাসরিন আক্তারের করা মামলায় হায়দার খানকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায় আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি হায়দার খান সংবদ্ধ চোরাকারবারী দলের সদস্য।
