২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শ্বাসরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

রাজশাহীর চারঘাটে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 06:44 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

চারঘাট থানার ওসি গোলাম মোর্তজা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত শারমিন আক্তার (২৪) ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী।

এ ঘটনায় পুলিশ স্বামী মাসুদ রানা, শ্বশুর আবদুল কাদের ও শাশুড়ি মালেক জানকে গ্রেপ্তার করেছে।

শারমিন পাঁচমাসের অন্তঃসত্ত্বা ছিলেন জানিয়ে তার বড় ভাই মাহবুব রহমান বলেন, প্রায় আট বছর আগে মাসুদ রানার সঙ্গে শারমিনের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

মাহবুব বলেন, “সম্প্রতি আমার বাবা মারা গেছেন। এরপর থেকেই জমির ভাগ নেয়ার জন্য মাসুদ নানাভাবে চাপ দিচ্ছে। কিছুদিনের মধ্যেই ওই জমির ভাগ-বাটোয়ারা করে দিব বলে মাসুদকে কথাও দিয়েছি। কিন্তু মাসুদ তাতে রাজি না হয়ে জমি বুঝে নেয়ার জন্য শারমিনের উপর নির্যাতন চালায়।”

তিনি অভিযোগ করেন, বুধবার রাতেও মাসুদ ও তার বাবা-মা শারমিনকে মারধর করে। এরপর তারা শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে তাকে খবর দেয়।

ওসি গোলাম মোর্তজা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারমিনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পরই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।” 

এ ঘটনায় মাহাবুব বাদী হয়ে শারমিনের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মোর্তজা।