২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় ইরানের নারী এমপিরা

বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলো সংবিধান মেনে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত ইরানের পার্লামেন্টের নারী প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইরান পার্লামেন্টের নারী ও শিশু বিষয়ক কমিটির প্রধান ফাতেমেহ রাহবার বলেন, বাংলাদেশ সফরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ অনেকের সঙ্গে বৈঠক করেছেন।

“আমাদের মনে হয়েছে, দেশের উন্নয়নের জন্য সব দল কাজ করছে। সরকারি ও বিরোধী দল সংবিধান মেনে সমন্বিতভাবে সচেষ্ট রয়েছে।”

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে গত ৩ অগাস্ট বাংলাদেশে আসেন ইরানের ৬ সদস্যের প্রতিনিধি দল। এই সফরে দলটি প্রধানমন্ত্রী, স্পিকার ছাড়াও কয়েকটি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে নারীদের অবস্থানেরও প্রশংসা করেন ফাতেমেহ।

“নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যে কার্যক্রম পরিচালনা করছে ইরান সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বাংলাদেশ সরকার নারী নির্যাতন বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার।”

বাংলাদেশ ও ইরানের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও ইরানের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। এই অভিন্নতাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরান গত কয়েক বছরে বিভিন্ন খাতে উন্নয়ন করেছে। বাংলাদেশেরও সেসব বিষয়ে সম্ভবনা রয়েছে। একযোগে কাজ করলে দুই দেশেরই উন্নয়ন হবে।” 

ইসলামী জঙ্গিবাদ মোকাবেলা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাতেমেহ বলেন, “অন্য দেশের কোনো বিষয়ে ইরান হস্তক্ষেপ করে না। এটা আমাদের পররাষ্ট্র নীতির অন্যতম একটি দিক। প্রত্যেক দেশই তার প্রচলিত আইন অনুযায়ী চলবে এটাই প্রত্যাশা। বিষয় দুটি নিয়ে আমাদের বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি নেই।”

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স রেজা আলায়ি।

বাংলাদেশ সফরে ঢাকার হোসেনী দালান, বারিধারার আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মোহাম্মদপুরে নকশী কাঁথা কাটিং অ্যান্ড ট্রেনিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শি ভাষা ও সাহিত্য কেন্দ্র এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি পরিদর্শন করে প্রতিনিধি দলটি।