আগামী জুনের আগে চট্টগ্রাম সিটি নির্বাচন
আগামী বছরের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে। আর সেটি হতে পারে জুনের আগেই।
বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন শেষে এমন আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
তিনি বলেন, “আগামী বছরের জুন মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। ওই সময় রমজান মাস থাকবে।
“রমজানে নির্বাচন কমিশন কোনো নির্বাচনের আয়োজন করে না। তাই জুনের আগেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করার পদক্ষেপ নেয়া হবে।”
আবদুল মোবারক জানান, আগামী বছরের শুরুতে পৌরসভা নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তবে সব এলাকায় একই সময়ে ভোট হবে না।
আগামী মে মাসে মেয়াদ শেষ হতে যাওয়া ২০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন একসঙ্গে দেয়া হবে বলে জানান তিনি।
ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানও পরিস্কার করেন কমিশনার।
“কক্সবাজারে ভোটার হতে দুটি ফরম পূরণ করতে হয়। তা যাচাই বাছাই করে ভোটার করা হচ্ছে। তারপরও যদি কেউ হয়ে থাকে তাহলে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে বাদ দেয়া হবে।”
চট্টগ্রাম শহরেও রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
আগামী বছর থেকে নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে জনগণ পুরোপুরি সেবা পাবে বলে আশা করেন মোবারক।
