চবি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস্টেট (ভূমি) শাখায় ভাংচুরে জড়িতদের শাস্তির দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা।
ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) জাকের আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি’ ‘কর্মচারী সমিতি’ ও ‘কর্মচারী ইউনিয়ন’ এই কর্মসূচি ডেকেছিল।
গত বুধবার হামলার সময় এস্টেট শাখার কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
কোনো কারণ ছাড়াই এ হামলা হয় দাবি করে অফিসার সমিতির সাবেক সভাপতি জাকের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় মামুন ও নাজিম নামের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি।”
শুক্রবারের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে শনিবার থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌলা বলেন, বৃহস্পতিবার দুপুরে আন্দোলকারীদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে।
অভিযোগে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বর্তমানে দেশের বাইরে আছেন। প্রক্টর বলেন, “উপাচার্য শনিবার ফিরবেন। তার পরই সব সিদ্ধান্ত হবে।”
অভিযুক্তদের মধ্যে মো. মামুন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির ক্রীড়া সম্পাদক ছিলেন।
