চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রীর লুট হওয়া মালামাল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জিনারপুর গ্রামে হামলায় আহত ও ধর্ষণের শিকার আদিবাসী নেত্রীর লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার এসআই মমিনুর রহমান জানান, বুধবার রাতে নওগাঁর নেয়ামতপুর উপজেলার চাকলা গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মহিষ ও একটি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।
এছাড়া অভিযান চালিয়ে গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামের নাসিরের বাড়ির পেছন থেকে পাওয়ার টিলারটি উদ্ধার করা হয়েছে।
গত ৪ অগাস্ট বেলা ১২টার দিকে ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করার সময় সমেশপুর গ্রামের আকতার হোসেন, রেজাউল করিম ও আকবর আলীসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ওই নেত্রীর কাছে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে অস্ত্রধারীরা পেটায় এবং আকতার হোসেন, রেজাউল করিম ও আকবর আলী তাকে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় তারা একটি পাওয়ার টিলার, এক জোড়া মহিষ ও একটি শ্যালো মেশিন নিয়ে যায়।
এ ঘটনায় ওই আদিবাসী নেত্রী বাদী হয়ে একটি মামলা করেন।
ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুর।
