জলবিদ্যুতে সার্কে সম্পর্ক জোরদারের আশা
জলবিদ্যুৎ উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো জোরদার হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা সফররত নেপালের জ্বালানি মন্ত্রী রাধা কুমারী গয়ালির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী জলবিদ্যুৎ উৎপাদন ও বাজারজাতরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাধা কুমারী।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জলবিদ্যুৎ উৎপাদন এবং বাজারজাতকরণের মধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো জোরদার হবে।”
ট্রানজিট সুবিধার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নেপাল বাংলোদেশের সড়ক ও রেলপথ ব্যবহার করতে পারে।
নেপালের জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ সম্ভব না হলে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ কিনবে।
নেপালের সঙ্গে বিদ্যুতের গ্রিড সংযোগের উপরও গুরুত্ব দেন তিনি।
দারিদ্র্যকে এই অঞ্চলের অভিন্ন শত্রু হিসাবে আখ্যায়তি করে প্রধানমন্ত্রী বলেন, এর বিরুদ্ধে সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নেপালের জ্বালানি মন্ত্রীর সঙ্গে হোটেল সেনারগাঁওয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বৈঠক হয়।
বৈঠক শেষে বিপু সাংবাদিকদের বলেন, “আমরা তাদের জলবিদ্যুত নিতে চাই। তারা সম্মত হয়েছে।”
এছাড়া বিদ্যুৎখাতে পারস্পারিক সহযোগিতা, নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি, দুদেশের যৌথ উদ্যোগে জল-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎখাতে জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পারিক বিনিময়ের মধ্য দিয়ে বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে অগ্রসর হতে দুই দেশের মতৈক্য হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
এসব বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হবে জানিয়ে বিপু বলেন, নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি বাস্তবায়ন হতে ১৫ বছর সময় লাগবে।
