‘যৌন হয়রানির বিচার না পেয়ে আত্মহত্যা’
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চিকিৎসকের যৌন হয়রানির বিচার না পেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।
মঙ্গলবার গভীর রাতে হাসিমপুর গ্রামে ফাঁসিতে আত্মহত্যা করেন নাসিমা (৩০)।
মৃত্যুর আগে নাসিমার অভিযোগ না নিলেও মৃত্যুর পর পুলিশ অভিযুক্ত পল্লি চিকিৎসক ঝন্টুকে আটক করেছে।
মৃত নাসিমার স্বামী হাশিমপুর গ্রামের শাহজাহানের অভিযোগ, গত ৩ অগাস্ট তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাসিমা ওই গ্রামের পল্লী চিকিৎসক ঝন্টুর ডিসপেন্সারিতে যান চিকিৎসার জন্য।
সেখানে চিকিৎসক ঝন্টু কৌশলে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ধর্ষণ করে গৃহবধূকে।
এক পর্যায়ে জ্ঞান ফিরে এলে নাসিমা চিৎকার দিলে স্থানীয়রা আসেন এবং ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিয়ে নাসিমাকে বাড়ি পাঠিয়ে দেন।
নাসিমার স্বামী আরো জানান, এরপর এলাকার কয়েকজন প্রভাবশালী সালিশের নামে সময়ক্ষেপণ করলে নাসিমা মঙ্গলবার কুমারখালী থানায় লিখিত অভিযোগে মামলা দিতে যান।
“কিন্তু কুমারখালী থানার ওসি শেখ লুৎফর রহমান মামলা না নিয়ে পরে আসতে বলেন নাসিমাকে। এরপর দীর্ঘ সময় থানায় অপেক্ষা করে বাড়ি ফিরে আসে নাসিমা,” বলেন নাসিমার স্বামী শাহজাহান।
শাহজাহান আরো জানান, এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশের নামে জোরপূর্বক আপসনামায় নাসমার স্বাক্ষর নেন।
পুলিশের অবহেলা ও সালিশের নামে প্রহসনের শিকার হয়ে ক্ষোভে দুঃখে মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির গোয়াল ঘরে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন নাছিমা, বলেন তিনি।
কুমারখালী থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানায় আটক পল্লী চিকিৎসক ঝন্টু দোষ স্বীকার করে দৃঃখ প্রকাশ করেন।
প্রথমে অভিযোগ না নেয়ার ব্যাপারে ওসি আরো জানান, “ব্যস্ত থাকায় নাসিমাকে পরে আসতে বলেছিলাম, কিন্তু তারা আর আসে নাই। শুনছি তারা আপস করে নিয়েছে।”
এ বিষয়ে পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কোনো অবহেলা থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
