বাহরাইনে বাংলাদেশি হত্যাকাণ্ডে ২ স্বদেশী গ্রেপ্তার
বাহরাইনে স্বদেশী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশটির অনলাইন সংবাদপত্র গালফ ডেইলি নিউজ বুধবার এই খবরটি দিয়েছে। তবে গ্রেপ্তার দুজনের নাম প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে, অর্থ লেনদেন নিয়ে বিরোধ থেকে স্বদেশী ব্যক্তিটিকে তারা হত্যা করেন।
গত রোববার হামাদ শহরে একটি নির্মাণাধীন ভবনে একটি স্যুটকেস ভরা লাশের সন্ধান পাওয়ার পর তদন্ত চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে গালফ ডেইলি নিউজ জানায়।
গত ১৬ জুন থেকে নিখোঁজ ছিলেন নিহত ব্যক্তি। বিষয়টি জানার পর পুলিশ তদন্তও শুরু করে। এর এক পর্যায়ে লাশ উদ্ধারের পর দুই বাংলাদেশিকে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে মন্ত্রণালয় জানায়।
নিহত ও গ্রেপ্তার তিন বাংলাদেশিই বাহরাইনের রাজধানী মানামায় থাকেন। হত্যাকাণ্ডের পর লাশ স্যুটকেসে ভরে মানামা থেকে বহু দূরে হামাদ শহরে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত এপ্রিল মাসে তাহের আনতাজ নামে আরেক বাংলাদেশির লাশ স্যুটকেসবন্দি অবস্থায় পাওয়া গিয়েছিল। তার খুনি হিসেবেও বিচারের সম্মুখীনরা বাংলাদেশি।
