নৌ-দুর্ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রপতির
পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চ ডুবে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে ভবিষ্যতে নৌ-দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি লঞ্চডুবিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সোমবার কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে পদ্মায় তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ পিনাক-৬, নিখোঁজ হন এর দেড় শতাধিক যাত্রী।
দুর্ঘটনার পরপরই নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। বুধবার পর্যন্ত লঞ্চটি সনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাস্থল থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বেসরকারি নৌযান মালিক, চালক, শ্রমিক ও যাত্রী সাধারণসহ সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
