২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপসে’ জামিন পেলেন শাহজালাল ব্যাংকের সোলায়মান

অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে গ্রেপ্তার হওয়ার এক মাস ১৩ দিনের মাথায় শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মানকে জামিন দিয়েছে চট্টগ্রামের আদালত।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:11 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

ব্যাংকের সঙ্গে করা আপসনামা জমা দেয়ার পর বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল ফেরদৌস জামিনের আবেদন মঞ্জুর করেন।

ব্যাংকের ১৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় গত ২৫ জুন সোলায়মানকে ঢাকার বিজয় নগরের আকরাম টাওয়ার থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।

কমিশনের আইনজীবী ‍মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক ও সোলায়মানের মধ্যে আপস হয়েছে।

“আপসনামা আদালতে জমা দেয়া হয়েছে। তাই আমরাও বিরোধিতা করিনি। আদালত জামিনের আদেশ দিয়েছেন।”

দুদকের অভিযানে গ্রেপ্তার হওয়ার পর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সোলায়মান দুদক কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমি আজাদ সাহেবের (ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এ কে আজাদ) নানা ধরনের অনৈতিক কাজের বিরোধিতা করেছি বলেই আমাকে গ্রেপ্তার করানো হয়েছে।”

সোলায়মানকে গ্রেপ্তারের দিন তার বিরুদ্ধে ঢাকায় একটি সংবাদ সম্মেলনও করেছিলেন ব্যাংকটির চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

গত ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালী থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ সোলায়মানের বিরুদ্ধে মামলা করে। পরে তা দুর্নীতি দমন কমিশনের  নথিভুক্ত হয়।

দুই দফায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন দুদক কর্মকর্তারা।   

এদিকে ৩ জুলাই চট্টগ্রাম আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সোলায়মানের ছবি তুলতে গেলে তার সঙ্গে থাকা লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে চার সাংবাদিক আহত হন।

ওই ঘটনায় সোলায়মানকে প্রধান আসামি করে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সংবাদকর্মী শফিক আহমদ সজিব।