২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সহায়তা বাড়বে, আশা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জনগণের কল্যাণে ও আর্থসামাজিক উন্নয়নে জাপান আরো সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 11:49 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বাংলাদেশ জাপান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সদস্য মিকি ওয়াতানাবের তার সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই আশাবাদ জানিয়ে বলেন, তার সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান আরো সাহায্য করবে।

জাপানের সংসদের উচ্চ কক্ষের সদস্য মিকি ওয়াতানাবে মঙ্গলবার বিকালে গণভবনে  শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের জানান।

জাপানকে বাংলাদেশের ‘সময়ের পরীক্ষিত বন্ধু’ হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসাবে এদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এসময় জাপানে সাম্প্রতিক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষানুরাগী এবং ব্যবসায়ী-উদ্যোক্তা ওয়াতানাবে।

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আরো জোরদার হওয়ার আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র বাংলাদেশ সফরের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

পৃথিবীর ১১টি দেশে ৭৫০টি রেস্টুরেন্ট রয়েছে ওয়াতানাবের। জাপানে তিনি ১১১টি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন। স্বদেশে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন তিনি।

সোমবার পূবাইলে একটি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করা ওয়াতানাবে বাংলাদেশে একটি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর কাছে।

বাংলাদেশে আরো বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইলে ওয়াতানাবেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন শেখ হাসিনা।