শিখা খুঁজে পেয়েছে বাবাকে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আহত দুবছরের মুর্শিদা খাতুন শিখাকে তার বাবার কাছে হস্তান্তর করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে আদালতের নির্দেশে শিখার গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে তার বাবা গোলাম মোস্তফার কাছে তাকে হস্তান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, গত ৫ জুলাই দুপুরে গোবিন্দগঞ্জের হাওয়াখানা এলাকায় ট্রাক চাপায় ওই শিশুটির মা নিহত হন।
এ ঘটনায় আহত শিখাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সময় পরিচয়হীন এ শিশু সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।
ওসি জানান, মেয়েটিকে পাওয়ার আট দিন পর গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চা গ্রামের গোলাম মোস্তফা গুলশান নিজেকে ওই শিশুর বাবা দাবি করে থানায় যোগাযোগ করেন।
এস আই আব্দুল মালেক জানান, নিহত ওই গৃহবধূর বাবা চাঁপাইনবাবগঞ্জের আবুল কালাম আজাদ একইদিন তার মেয়ের বাড়ি স্ত্রীসহ বেড়াতে আসেন।
কিন্তু মেয়ে আর নাতনিকে না পেয়ে জামাইকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, গত ৫ জুলাই অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।
এ নিয়ে তার সন্দেহ হলে ১৩ জুলাই দুপুরে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করতে এসে ছবি দেখে মেয়ে ও নাতনিকে সনাক্ত করেন।
তিনি আরো জানান, শিখার বাবা ও নানা দুজনেই তাকে ফেরৎ নেওয়ার জন্য দাবি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
আবেদনের পর বিচারকের নির্দেশ মোতাবেক সরেজমিনে তদন্ত করে শিশু শিখার পরিচয় সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়।
পরে আদালতের যাচাই-বাছাই শেষে শিশু শিখাকে তার বাবা গোলাম মোস্তফার কাছে হস্তান্তরের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, ওই সড়ক দুর্ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
