২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া হয়ে ত্রিপুরায় খাদ্য যাবে বুধবার

দুদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে বাংলাদেশের উপর দিয়ে ১০ হাজার টন খাদ্য যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:30 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রথম দফায় পাঁচ হাজার টন খাদ্য নিয়ে আসা পাঁচটি কার্গো জাহাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে।

ভারতের অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া থেকে এসব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌপথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করছে।

এতে বাংলাদেশের পরিবহন ব্যবহার করা হচ্ছে। তবে, কোনো প্রকার শুল্ক দিতে হচ্ছে না।

কাস্টমস কর্মকর্তা আরো জানান, আশুগঞ্জ নৌবন্দর জেটিতে বুধবার সকাল থেকে চাল খালাস শুরু করে কাভার্ড ভ্যানের মাধ্যমে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা নিয়ে যাওয়া হবে।

ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পুর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যপণ্য পরিবহনের জন্য ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার ভারতকে এ সুবিধা দিয়েছে।

১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় এ সুবিধা দেয়া হয় বলে জানান তিনি।

আহসান উল্লাহ জানান, ওই চাল খালাস ও ভারতে পাঠানোর ব্যাপারে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

“নৌ প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই এ খাদ্য শস্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাবে,” বলেন তিনি।

তবে পরিবহনে বাংলাদেশের কার্গো জাহাজ ও ট্রাক ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ হাজার টন চাল ত্রিপুরা নিয়ে যাওয়ার ব্যাপারে দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে কার্যাদেশ দেয়া হয়।

প্রতিষ্ঠানটি গত ১০ জুলাই থেকে ১৪ জুলাই কলকাতার ডায়মন্ড হারবার পোর্টে প্রথম দফায় পাঁচ হাজার টন চাল জাহাজে তোলার কাজ সম্পন্ন করে।

পরে ২২ জুলাই ওই পোর্ট থেকে ওই খাদ্যপণ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

এদিকে মঙ্গলবার সকালে বন্দর জেটি থেকে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত রাস্তার সংস্কার করতে দেখা গেছে।

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, ভারতীয় চাল নিয়ে পাঁচটি জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দরের জেটিতে নোঙর করেছে। মালমাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের আখাউড়া সীমান্ত অতিক্রম করিয়ে দেয়া হবে।