২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফের বাস ধর্মঘট

সিএনজি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে হাতাহাতির জেরে রাজশাহীতে আবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:42 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার দুপুরে বাস শ্রমিক নেতারা এ ধর্মঘটের ডাক দিয়ে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরা।

রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আগেও কয়েকদফা ধর্মঘট করেছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর মোড়ে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়ে মারধর করে অটোরিকশা চালকরা। এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারি আদেশ অমান্য করে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও আয়েন উদ্দিন অবৈধ যানবাহন চলাচলের পক্ষ নিয়েছেন।

রাতের মধ্যেই বাস শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও অবৈধ অটোরিকশা  চলাচল বন্ধ করা না হলে বুধবার থেকে রাজশাহী বিভাগে ধর্মঘটের ডাক দেয়া হবে হুঁশিয়ারি দেন তিনি।

অটোরিকশা মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে কয়েকটি অটোরিকশা শহরে প্রবেশের সময় নওদাপাড়া আমচত্বরে বাস শ্রমিকরা বাধা দেয়। এসময় বাস শ্রমিকদের সঙ্গে চালকদের সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।

“পরে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়ে মালিকরা স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে দেখা করে বিষয়টি জানায়। অটোরিকশা চালানোর অনুমতি দিয়ে আগামী শুক্রবার বিষয়টি নিয়ে বসা হবে সাংসদের এমন আশ্বাসে আবার অটোরিকশা চলাচল শুরু হয়।”

এরপর বাস শ্রমিকরা মিথ্যা হামলার অভিযোগ তুলে ধর্মঘটের ডাক দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নগরীর শাহমুখদুম থানার ওসি সায়েদুর রহমান বলেন, অটোরিকশা চলাচলে বাধা দেয়ায় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।

ফজলে হোসেন বাদশা বলেন, অটোরিকশা একটা বৈধ যান। মোটর শ্রমিকরা এই অটোরিকশা চলতে দেবে না। তারা অটোরিকশার শ্রমিকদের মারধর করছে। দেশের ৬৩ জেলায় সিএনজি চলবে আর রাজশাহীতে চলবে না, এটা হতে পারে না।

“মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা কথায় কথায় ধর্মঘট ডেকে রাজশাহীর মানুষকে জিম্মি করে ফেলছে। প্রশাসনের উচিত এদের হাত থেকে জনগণকে রক্ষা করা।”

রাজশাহী অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি চালিত অটোরিকশা, ভটভটি, নসিমন ও করিমন চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে গত ২৫ থেকে ২৭ মে এবং ৯ জুলাই ধর্মঘটসহ বিভিন্ন আন্দোলন করে আসছে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ।