‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের হাতে আটক হওয়ার পর এক ‘ডাকাত’ কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজারের কাছে এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহত খোরশেদ আলম ভূট্টো (৩৫) পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আব্দুল জব্বার সিকদার পাড়ার কোরবান আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন চকরিয়া থানর এসআই সুখেন্দু বসু ও কনস্টেবল প্রশান্ত গোস্বামী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, খোরশেদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে চকরিয়া থানায় সাতটি মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, পরবর্তীতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বেতুয়া বাজার সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ২০/২৫ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে ১০/১৫ রাউন্ড পাল্টা গুলি চালায়।
“এতে পুলিশের দুই সদস্য আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
