আজহারুলের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন ১৮ অগাস্ট
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু হবে আগামী ১৮ অগাস্ট থেকে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ দিন ধার্য করে।
সোমবার এটিএম আজহারুল ইসলামের পক্ষে তার একমাত্র সাফাই সাক্ষী আনোয়ারুল হককে জেরার কার্যক্রম শেষ হয়। মামলার সাফাই সাক্ষীকে জেরা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
ফাইল ছবি
জেরা শেষে যুক্তি উপস্থাপনের প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। আবেদনে বলা হয়, বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন দ্বিতীয় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা ও কৃষিমন্ত্রী সৈয়দ কায়সারের মামলায় যুক্তি খণ্ডন চলছে। প্রসিকিউটররা ওই মামলা নিয়ে ব্যস্ত থাকায় ট্রাইব্যুনালের প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন।
পরে সময় আবেদন গ্রহণ করে আগামী ১৮ অগাস্ট পরবর্তী তারিখ ঠিক করে ট্রাইব্যুনাল।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সুলতান মাহমুদ সীমন, তুরিন আফরোজসহ আরো কয়েকজন প্রসিকিউপর। আজহারুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার, শিশির মো. মনির,মো. শাহিনুর ইসলাম ও মো.রাইহানুল ইসলাম।
এদিকে গত ৭ জুলাই এ মামলায় চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। গত ১৩ জুলাই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করায় ৩ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।
আজহারের বিরুদ্ধে গত বছর ২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন।
এর আগে গত ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্য, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারের বিরুদ্ধে ৬টি অভিযোগে অভিযোগ গঠন করা হয়, এর মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) অভিযোগও রয়েছে।
জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, চার জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং ড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে।
গতবছরের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ছয়টি অভিযোগের ভিত্তিতে মোট চারটি ভলিয়মে ৩শ পৃষ্ঠার নথিপত্রসম্বলিত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল র্চার্জ) দাখিল করা হয়।
পরে গতবছরের ২৫ জুলাই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত বছর ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
