২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নসিমনের উপর গাছ, নিহত ২

যশোরের শার্শা উপজেলায় চলন্ত নসিমনের উপর গাছ পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 09:54 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার শার্শা-কাশিপুর সড়কের স্বরুপদাহ গ্রামের শিমুলতলায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার গোড়পাড়া গ্রামের প্রয়াত নেছার আলীর ছেলে আবদার আলি (৬০) এবং একঝালা গ্রামের প্রয়াত ইন্তাজ আলীর ছেলে তোফাজ উদ্দিন (৬৫)।

হতাহতরা সবাই নসিমনের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় জন যাত্রী নিয়ে একটি নছিমন শার্শা থেকে কাশিপুর যাওয়া সময় স্বরুপদাহ গ্রামের শিমুলতলায় সড়কের পাশের একটি বড় শিশুগাছ নছিমনের উপর পড়ে।

এ সময় নসিমনের যাত্রী আবদার আলি (৬০), তোফাজ উদ্দিন (৬৫), ফাতেমা খাতুন (২৫), আব্দুল আজিজ (৪০), ফজলে সরদার (৬০) ও আছিয়া খাতুন (৩০) আহত হন।

নাভারন বুবুজবাগান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আবদার আলির মৃত্যু হয়। তোফাজ উদ্দিন, ফাতেমা, আব্দুল আজিজ, ফজলে সরদার ও আছিয়া খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এদের মধ্যে তোফাজ ও ফাতেমাকে পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তোফাজ উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার সময় নছিমন চালক শাহাবুদ্দিন বেঁচে যান বলে পুলিশ কর্মকর্তা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজ খবর নেন এবং নিহতদের বাড়ি গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।