ঢাকায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মাতুয়াইল থেকে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়।
এসময় তিন জনের কাছ থেকে নেশার বড়ি ইয়াবা বিক্রির প্রায় ১২ লাখ টাকাও জব্দ করেছে র্যাব। পাশাপাশি ১৩টি মোবাইল ফোন এবং একটি ওয়াইফাই মডেম উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াবা বিক্রেতা হেলাল উদ্দিন এবং তার সহযোগী রনি আমীন (৫০), নাজমুল হাসান (২৭) ও ইব্রাহিম হাওলাদার (২৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের কাছ থেকে ২৯ হাজার ৮০০শত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির এগার লাখ ৮৩ হাজার টাকা পাওয়া যায়।”
কক্সবাজারের বাসিন্দা হেলালের অনেকদিন ধরেই সন্ধান চলছিল জানিয়ে র্যাবের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হেলাল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ‘ইয়াবা ডিলার’ হিসেবে পরিচিত তিনি।
“এই হেলালই কক্সবাজার সীমান্ত হয়ে মায়ানমার হতে ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করতেন।”
হেলাল আগে জমিচাষ করতেন। পরে চিংড়ির পোনা ব্যবসায় জড়িয়ে পড়েন। কিছুদিন লবণ ব্যবসাও করেন।
“ইয়াবা ব্যবসা লাভজনক হওয়ায় পরে এতে জড়িয়ে পড়েন তিনি,” বলেছে র্যাব।
