ওভারটাইম বন্ধের প্রতিবাদে স্যুয়েটার কারখানায় কর্মবিরতি
‘ওভার টাইম’ বন্ধের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন।
শিল্প পুলিশ গাজীপুর-২ এর এএসপি মো. মোশারফ হোসেন জানান, কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকার হ্যাচং বিডি লিমিটেডের শ্রমিকরা রোববার থেকেই বিক্ষোভ করে আসছিলেন। সোমবারও তারা কাজে যোগ দেননি।
শিল্পপুলিশের কর্মকর্তা মোশারফ হোসেন কারখানা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলেন, স্যুয়েটার কারখানাগুলোর নিয়ম অনুযায়ী হ্যাচং বিডিতে উৎপাদনের (প্রোডাকশনের) উপর ভিত্তি করে মজুরি দেয়া হয়।
"আগে এ কারখানায় বিকাল ৫টার পরে কাজ করালে অতিরিক্ত সময়ের জন্য বাড়তি হারে পারিশ্রমিক দেয়া হতো। কিন্তু অন্যান্য স্যুয়েটার কারখানা সঙ্গে মিল রাখতে কর্তৃপক্ষ গত জুন মাস থেকে ওভারটাইমের টাকা দেয়া বন্ধ করে।বিকাল ৫টার ওভারটাইম করাও বন্ধ করে দেয়। কিন্তু শ্রমিকরা তা মানতে নারাজ।"
এএসপি মোশারফ জানান, ঈদের পর কারখানা খোলার দিন রোববার থেকেই শ্রমিকরা আন্দোলন শুরু করেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে।
