সীতাকুণ্ডে এল কে সিদ্দিকীর দাফন সম্পন্ন
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বিএনপি নেতা এল কে সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমতনগর গ্রামে নিজের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই সাবেক মন্ত্রীকে।
বিএমএর সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষ এই জানাজায় অংশ নেন।
এর আগে বিকালে সীতাকুণ্ড হাইস্কুল মাঠে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এল কে সিদ্দিকীর পঞ্চম জানাজা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় রিজেন্ট এয়ারের একটি বিমানে তার মরদেহ চট্টগ্রাম এসে পৌঁছায়। সেখানে তার মরদেহ গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে। সেখানে হয় তার তৃতীয় জানাজা।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র মনজুর আলম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এই জানাজায় অংশ নেন।
এরপর বিকাল সাড়ে ৩টায় নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠে এল কে সিদ্দিকীর চতুর্থ জানাজা হয়।
গত শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এল কে সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পরদিন সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়।
রোববার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম জানাজা হয়। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হয় আরেকটি জানাজা।
এল কে সিদ্দিকী তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চার দফা বিএনপির প্রার্থী হিসাবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া এল কে সিদ্দিকী ষষ্ঠ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।
এর আগে জিয়াউর রহমানের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং খালেদা জিয়ার সরকারে দুই দফায় পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এল কে সিদ্দিকী।
প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘ দিন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তবে সর্বশেষ কাউন্সিলে তাকে কোনো পদে রাখা হয়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান এল কে সিদ্দিকীর ছোট ভাই ওয়াই বি সিদ্দিকী পুলিশের মহাপরিদর্শক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য এম আর সিদ্দিকী ছিলেন তার চাচাতো ভাই।
