বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী
অনেক ‘বড় জায়গা থেকে’ ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শুরুতে রোববার কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন করে শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, “অনেক বড় বড় জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই সব ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছি।”
রোববার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে এই অনুষ্ঠানে শেখ হাসিনার আগে বক্তব্য দিতে এসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোনো দেশ বা সংগঠনের নাম উল্লেখ না করে বলেন, “আমাদের ভাগ্য আমাদের নির্ধারণ করতে দেন। ষড়যন্ত্র করেন না। আপনারা জঙ্গিদের, ষড়যন্ত্রকারীদের পক্ষে ছিলেন। আপনাদের ষড়যন্ত্র আমরা একাত্তরে দেখেছি, পঁচাত্তরে দেখেছি।”
মতিয়া বলেন, “আমি শক্তিধর দেশকে বলতে চাই, বাংলার মানুষকে আর না খাইয়ে মারতে পারবেন না।”
ফাইল ছবি
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা ১৯৭৫ সালে নিহত তার বাবা-মা ও পরিবারের সদস্যদের কথা স্মরণ করে বলেন, “আমি জানি না, আমার মা কি অপরাধ করেছিল? আমার ভাইরা কি অপরাধ করেছিল?”
১৯৭৫ সালের ১৫ অগাস্টের আগে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে স্বামী পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে ছিলেন। ১৫ অগাস্ট তারা ছিলেন বেলজিয়ামে।
সেই সময়ের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “আমি যখন বিদেশ গেলাম, তখন ঘর ভর্তি। আমি যখন ফিরে এলাম তখন লাখো মানুষ ছিল। কিন্তু,পাই নাই আমার আপনজনকে।”
“আমি পেয়েছি আওয়ামী লীগের অদম্য নেতা-কর্মীদের”, বলেন শেখ হাসিনা।
জিয়াউর রহমানের সময়ে বঙ্গবন্ধু ভবনে ঢুকতে না দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিদেশে পাঠিয়ে এবং বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে রক্ষা করেছিলেন স্বৈরশাসক জিয়াউর রহমান।”
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বে থাকা শমসের মবিন চৌধুরী সে সময় জিয়াউর রহমানের নির্দেশে বঙ্গবন্ধুর খুনীদের লিবিয়ায় পাঠায় এবং বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করে।
“এই শমসের মবিন চৌধুরী, মুক্তিযুদ্ধের সময় তার পায়ে গুলি লাগে। বঙ্গবন্ধু তাকে জার্মানি পাঠিয়ে চিকিৎসা করিয়ে ফিরিয়ে আনেন। কিন্তু বেইমান বেইমানই।”
বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকা, কানাডা এবং পাকিস্তানে কিছু খুনীকে শেল্টার দেয়া হয়েছে।”
পঁচাত্তরে খন্দকার মোশতাক আহমেদের ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “নিজেদের মধ্যে বিশ্বাসঘাতক না থাকলে ষড়যন্ত্র সফল হয় না। আমাদের ভেতরে খুনী মোশতাক ছিল বলেই তারা পেরেছিল।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো থামেনি। তবে মাইনাস-টু, বোমা-গুলি কিছুই আমাকে থামাতে পারে নাই।
“মৃত্যুকে পরোয়া করি না। জীবনের ঝুঁকি নিয়েই দেশে ফিরে এসেছিলাম।… বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কাজ করে যাচ্ছি”, বলেন প্রধানমন্ত্রী।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও দীপু মনি, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা ও সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
