রাতে যেতে নিষেধ করেছিলেন বরযাত্রীদের
ঝিনাইদহের দুর্ঘটনায় পড়া বরযাত্রীদের সে রাতে যেতে নিষেধ করেছিলেন কনের পরিবারের সদস্যরা।
সেদিনের নিষেধ শুনে থেকে গেলে হয়তো এমন মর্মন্তুদ দুর্ঘটনা ঘটত না বলে আক্ষেপ করছেন তারা।
কনের কাকা প্রভাষ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বরযাত্রীদের যেতে নিষেধ করেছিলাম। সকালে গেলে হয়ত এ হৃদয় বিদারক ঘটনা ঘটত না।”
শুক্রবার ভোরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস বারোবাজার রেলক্রসিং পার হওয়ার সময় লাইনে উঠে পড়ে বরযাত্রীবাহী বাসটি।
ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই অবস্থায় ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পথ বাসটিকে ঠেলে নিয়ে থেমে যায়। এতে ১১ জন নিহত ও অন্তত ৫৬ জন আহত হন।
দুর্ঘটনাস্থলে আসছে মানুষ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাস্থল দেখতে আসছেন বহু মানুষ। দেখছেন রেল লাইনের পাশে পড়ে থাকা চূর্ণবিচূর্ণ বাসসহ দুর্ঘটনার নানা আলামত।
এদের কয়েকজন হলেন কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের নূরজাহান, সোনালীডাঙ্গা গ্রামের হাসিনা খাতুন, খুরশিদা, জান্নাতুল ও রূপালী।
মোল্লাডাঙ্গা গ্রামের ফজলুল হক বলেন, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। বাড়ি এসে দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন।
