একরাম হত্যা: মিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ ওরফে মিনার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
নির্দিষ্ট সময়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ না করায় রোববার দুপুরে ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী এই পরোয়ানা জারি করেন।
মিনার চৌধুরীর আইনজীবি ও ফেনী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান জানান, মিনার গত ৩১ জুলাই থেকে শারীরিক অসুস্থতার কারণে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকায় সশরীরে আদালতে উপস্থিত হতে না পারায় মিনারের পক্ষে আদালতে দুটি আবেদনও করা হয়েছে।
ফাইল ছবি
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলার আসামি মিনারকে গত ২৭ মে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গত ৪ জুন মিনারকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে শারীরিক অবস্থা অবনতি হলে গত ৯ জুন তাকে প্রথমে ফেনী সদর হাসপতালে এবং পরে উন্নত চিকিৎসার ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। পরে হাই কোর্টের জামিনে গত ১৭ জুলাই ফেনী কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক বিএনপি নেতা মিনারের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ও র্যাব মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।
