২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবার বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা ভাবা হচ্ছে: প্রতিমন্ত্রী

ঈদের আগে থেকে অনশনে থাকা শ্রমিকদের পাওনা ‍এক-দুই দিনের মধ্যে পরিশোধ না করলে তোবা গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 12:11 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সড়কে সমাবেশ তোবাকর্মীদের

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এখন আমরা অ্যাকশন নেয়ার অপেক্ষা করছি।”

তবে পাওনা পরিশোধের বিষয়ে রোববারই শ্রমিকদের ‘চূড়ান্ত’ কথা দেয়া সম্ভব হবে বলে আশা করছেন শ্রমসচিব মিকাইল শিপার।

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার থেকে বাড্ডায় কারখানার ভিতরে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পোশাক শ্রমিকরা। শনিবার কারখানার সামনের সড়কে দুই ঘণ্টা সমাবেশও করেন তারা।

বাড্ডার হোসেন মার্কেট নামে পরিচিত ভবনে তোবা গ্রুপের পাঁচ কারখানার দেড় হাজারের বেশি শ্রমিক গত তিন মাস বেতন পাচ্ছেন না।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

টানা ছয় দিনের অনশনে অনেকে অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সমস্যার সমাধানে তোবা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা হয়েছে জনিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু মূল মালিককে আমরা পাচ্ছি না তাই তাদের (তোবা-ম্যানেজমেন্ট ও বিজিএমইএ) সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

“আমরা তাদের বলেছি দুই-এক দিনের মধ্যে সমস্যার সমাধান করেন।”

তোবা গ্রুপের কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের মামলায় বর্তমানে কারাগারে আছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। অবশ্য সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

সমস্যার সমাধানে বিজিএমইএ-কে অনুরোধের পাশাপাশি চাপ প্রয়োগ করা হয়েছে বলেও দাবি করেন চুন্নু।

তিনি বলেন, “আজও বিজিএমএইএর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমরা তাদের সিরিয়াসলি বলেছি সমস্যার সমাধান করেন। দুই/এক দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

শ্রমসচিব শিপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে তোবা গ্রুপের ম্যানেজমেন্ট ও বিজিএমইএ চেষ্টা করছে।

সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের কোনো ব্যবস্থা করা হবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, “সরকারের কাছে ওই রকম কোনো ফান্ড নেই। আশা করছি, রোববার শ্রমিকদের ফাইনাল আশ্বাস দেয়া যাবে।”

এদিকে কারখানার ভিতরে শ্রমিকদের সঙ্গে অনশন চালিয়ে আসা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেছেন, সরকার সমর্থিত গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি শনিবার তাদের কাছে গিয়ে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী তাকে পাঠিয়েছেন।

“শ্রমিকদের দুই মাসের বেতন দেয়া হলে তারা অনশন প্রত্যাহার করবেন কি না তা তিনি জানতে চেয়েছেন।”

এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “সরকারের পক্ষ থেকে তাদের (তোবা-শ্রমিক) বেতন দেয়ার প্রশ্নই আসে না। ওটা তো বেসরকারি প্রতিষ্ঠান। সরকার কেন তাদের বেতন দিতে যাবে?”