গাইবান্ধায় বৃদ্ধের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বালুঘড়া গ্রামের গোদারপাড়াঘাট এলাকায় করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফ আলী সরকার (৬০) উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের আরজি খুলসি গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, আশরাফ আলী সরকার শুক্রবার বিকালে প্রতিবেশী এক যুবকের বিয়ের বরযাত্রী হয়ে বগুড়ার মোকামতলা এলাকায় যান। বিয়ে সম্পন্ন হওয়ার পর একাই বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।
ওসি বলেন, “শনিবার দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।”
