২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপচেপড়া ভিড় সাফারি পার্কেও

ঈদের  দিন  বিকাল থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের উপচেপড়া যে ভিড় শুরু হয়েছে, ঈদের পরদিনও তা দেখা গেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2014, 11:42 PM

Updated : 22 Aug 2022, 06:48 PM

হাজার হাজার দর্শনার্থীকে সামাল দিতে কর্তৃপক্ষকে বুধবার দিনভর হিমশিম খেতে দেখা যায়। এ জন্য কর্তৃপক্ষ জনবল বাড়ানোর দাবিও তুলেছেন।

ঈদের এই সময়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বেশ ভিড়। সেই অবস্থা ছিল রাজধানীর ৪০ কিলোমিটার দূরের সাফারি পার্কেও।

সরেজমিনে  গিয়ে দেখা গেছে, কোর সাফারি পার্কের অংশে সবচে বেশি ভিড়। সেখান থেকে পাঁচটি গাড়িতে চড়ে নির্ধারিত মাঠে উন্মুক্ত থাকা বাঘ, সিংহ, ভালুক, হরিণ,জেব্রা, জিরাফসহ বিভিন্ন প্রাণি দেখছেন দর্শনার্থীরা।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মো. রফিকুল ইসলাম স্ত্রী-সন্তানকে নিয়ে সাফারি পার্কে এসেছেন।

“ঢাকা চিড়িয়াখানায় অল্প জায়গায় বন্দি জীব-জন্তুর চেয়ে এখানে বিশাল মাঠে বাঘ, সিংহ, হরিণ, জিরাফ দেখার মজাই আলাদা।”

গাড়িতে চড়ে পার্কের ভেতরে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে কিংবা শুয়ে থাকা বাঘ-সিংহগুলো গাড়ি আসতেই দৌড়ে সরে যেতে দেখে শিহরিত হয়ে অনেকে চিৎকার করে ওঠেন।

“এখানে এসে আমি দারুন মজা পেয়েছি,” বলেন মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আসা জিল্লুর রহমান।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য বলেন, ঈদের দিন প্রায় ১০ হাজার দর্শনার্থী বেড়াতে এসেছেন।

“কিছু দর্শনার্থী পার্কে বিভিন্ন ফুল গাছের ফুল-পাতা ছেড়েন ও ডালা ভেঙে ফেলেন। পশু-পাখিকে ও ঢিল ছোড়েন। এতে আমাদের সমস্যা হয়, কারণ তা ঠেকাতে লোকবল আমাদের কম।”

সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে চাওয়া অনুযায়ী সাফারি পার্কের ৩০০টি পদের বিপরীতে ১৩৮টি পদ সৃষ্টি করা হলেও এখনো  কেউ  নিয়োগ পায়নি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  থেকে সাফারি পার্ক যাওয়ার রাস্তাটি প্রশস্ত করা প্রয়োজন, বলেন শিব প্রসাদ।

পার্কের উত্তর-পশ্চিমে সেনাবাহিনীর বিস্ফোরণ মহড়ার ক্ষেত্রটিও সরানো দরকার বলে মত জানান তিনি।

“ওই বিস্ফোরণের কম্পণে প্রাণিদের সমস্যা হচ্ছে। তিনটি  হরিণ মারা গেছে, ভয়ে হাতি সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।”

এই পার্কে ১১টি বাঘ, ৯টি সিংহ, ৪টি জিরাফ, ৪টি হাতি, ২৮টি কুমির, ২০টি ম্যাকাউ পাখি, ৩ শতাধিক টিয়া পাখি, ৯টি ভালুক, ২৩টি হরিণ, ৪৫টি ক্রাউন ফ্রিজেন্ট ও ৬টি জেব্রাসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক পশু-পাখি রয়েছে।

শ্রীপুরের ইন্দ্রপুর (বাঘেরবাজার) এলাকায় ৩ হাজার ৬৯০ একর জায়গার ওপর ২৬৩ কোটি টাকা ব্যয়ে এশিয়ার সর্ববৃহৎ এ পার্কটি গড়ে তোলা হয়েছে।

সাফারি পার্ক প্রকল্পের পরিচালক ও বন সংরক্ষক তপন কান্তি দে বলেন, এই পার্কটি থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড-এর আদলে করা হচ্ছে।

রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের বাঘের বাজার হতে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান। পার্কে থাকা জন্তু দেখার জন্য রয়েছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার।