হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
হবিগঞ্জ সদরে কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন দুজন।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন নসরতপুর গ্রামের রাজই মিয়া (৬০) ও উপজেলার দরিয়াপুর গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী রুজিনা বেগম (৩২)।
আহতদের মধ্যে দরিয়াপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী রিনা বেগমকে (৩৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব মিয়াকে (৩২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিকশাটি নসরতপুর আবুদাবি হোটেলের কাছে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি কভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাজই মিয়া (৬০) নিহত ও তিন যাত্রী আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক রুজিনা বেগমকে (৩২) মৃত ঘোষণা করেন।
এস আই কামাল আরো জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কভার্ডভ্যানটি আটক করেছে। তবে, চালক পালিয়ে গেছে।
