দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে দুর্ঘটনা দুটি হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাসযাত্রী এক যুবক নিহত ও আহত হয়েছেন আরো দুই যাত্রী।
নিহত মিঠুন মৃধা (২৫) খুলনার দাকোপ উপজেলা ঢাংমারি গ্রামের ফ্রান্সিস মৃধার ছেলে।
“আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান মিঠুন।”
এছাড়া নাটোরের সিংড়া উপজেলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আবদুস সালাম (৫২) সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের বাসিন্দা।
নাটোরের সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাতে তারাবির নামাজ শেষে আবদুস সালাম কালিকাপুর মসজিদের সামনের রাস্তায় বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। এতে আহত মোটরসাইকেল চালক ও সালামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সালামের মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক রবিউল ইসলামকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
