গৃহবধূকে হত্যার অভিযোগ
নড়াইল সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শনিবার ভোরে উপজেলার ডৌয়াতলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাথী খাতুন (১৪) ওই গ্রামের মজিদ মোল্যার (১৬) স্ত্রী।
সাথীর স্বজনদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
সাথীর খালা কোহিনুর বেগম বলেন, গত বছর মজিদ মোল্যা ও সাথী খাতুন প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে সাথীর বিরোধ চলছিল।
তিনি অভিযোগ করেন, এ ঘটনার জের ধরে শনিবার ভোরে সাথীর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সর্ম্পকে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ি লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।
