কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গুলিবিদ্ধ
কক্সবাজার শহরের আলোচিত রকি বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ওই বাহিনীর দ্বিতীয় প্রধান গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে কক্সবাজারের কলাতলী বাইপাস এলাকার উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনায় দুই পুলিশও আহত হয়।
গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন দিলুকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান।
কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আবুল মাঝির ছেলে দিলুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ নানা অভিযোগে ১২টিরও বেশি মামলা রয়েছে।
ওসি মাহফুজুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে রকি বাহিনীর আস্তানা পাহাড়তলী এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে আটক করা হয় দেলোয়ার হোসেন দিলুকে। দিলুর দেয়া তথ্য অনুসারে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ কলাতলী বাইপাস এলাকার উত্তরণ আবাসিক এলাকায় যায়।
“পুলিশ সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিতে আহত হন দিলু ও পুলিশের দুই সদস্য। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ।”
আহত পুলিশ সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
