শার্শায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোরের শার্শায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন, যাকে একদিন আগে ঢাকা থেকে আটক করা হয়েছিল।
শনিবার ভোরে উপজেলার বসতপুর গ্রামে এ ঘটনায় নিহত আনিসুর রহমানের (৩০) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বালিয়া গ্রামে।
শার্শা থানার ওসি আহমেদ কবির জানান, আনিসুর সন্ত্রাসী ছিলেন। শুক্রবার তাকে রাজধানী থেকে আটক করা হয়েছিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পর জিজ্ঞাসাবাদে আনিসুর শার্শার বসতপুরে তার অস্ত্র ও সহযোগীদের অবস্থানের কথা জানান। এরপর ভোরের দিকে সাতক্ষীরা ও শার্শা থানা এবং গোয়েন্দা পুলিশ আনিসুরকে নিয়ে বসতপুরে যৌথ অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও হাতবোমা ফাটায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে আনিসুর গুলিবিদ্ধ হয়ে মারা যান।”
এ সময় কনস্টেবল মিঠু ও নুরুল ইসলাম আহত এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
