২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় ট্রাক দ্বিখণ্ডিত, নিহত ১

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় ইট বোঝাই একটি ট্রাকে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হন একজন। দুর্ঘটনায় ট্রাকটি দুই টুকরা হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 04:22 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

জয়দেবপুর রেলওয়ে জংশনে কর্তব্যরত পুলিশের এএসআই দাদন মিয়া জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ভুরুলিয়ায় একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যান ভুরুলিয়া এলাকার তারিকুল মোরশেদ (৪০)।

আহত চান্দনা এলাকার মাইদুল ইসলামকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারিকুলের বড়ভাই সারোয়ার মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরপরই তারিকুলকে উত্তরায় রিজেন্ট হাসপাতালে নেয়া হয়েছিল। কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়। 

এএসআই দাদন জানান, ভুরুলিয়ায় অনুমোদনহীন ওই ক্রসিং দিয়ে পশ্চিম থেকে পূর্বদিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হওয়ার সময় ইট বোঝাই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ট্রাককে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দ্বিখণ্ডিত হয়ে রেললাইনের দুপাশে ছিটকে পড়ে এবং ট্রেনটির হোস পাইপ ফেটে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, হোস পাইপ না লাগিয়ে ইঞ্জিন সচল করা সম্ভব নয়। দ্রুত ব্যবস্থা নিতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।