মৃত্যুদিনে হুমায়ূনের নুহাশে ‘হলুদ পাঞ্জাবি’
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তার সৃষ্টি নুহাশ পল্লীতে ইফতারসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।
শনিবার তার মৃত্যুর দুই বছর পূর্ণ হবে। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় কথা সাহিত্যিক।
তার মৃত্যুদিনে নুহাশ পল্লীতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও ইফতার পার্টির আয়োজনের পাশাপাশি ১০০ জন হিমু ভক্তের লেখা 'হিমু পরিবহন' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
এছাড়া হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত নেত্রকোনার কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মিলাদ, দোয়া ও রাতের খাবারের আয়োজন করেছেন তার বই প্রকাশকারী ১৪ প্রকাশক।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, শনিবার জোহরের নামাজের পর আশেপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা নুহাশ পল্লীতে কোরআন তেলাওয়াত করবে। পরে তারা কবর জিয়ারত, ইফতার ও ইফতার পরবর্তী দোয়ায় অংশ নেবে।
ওই দিনের কর্মসূচিতে অংশ নিতে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিতসহ স্ত্রী মেহের আফরোজ শাওন বৃহস্পতিবার রাতেই নুহাশ পল্লীতে পৌঁছেছেন বলেও জানান তিনি।
হিমুদের আয়োজন
শনিবার সকালে ‘হিমু পরিবহন’ নামের একটি বাসে করে রাজধানী থেকে শতাধিক ‘হিমু’ হলুদ পাঞ্জাবি/শাড়ি পরে নুহাশ পল্লীতে যাবেন। সেখানে তারা কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেবেন।
পরে ১০০ জন হুমায়ুন ভক্তের লেখা ‘হিমু পরিবহন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান 'হিমু' জোবায়ের কবির তুষার।
তিনি বলেন, “বইয়ের ১০০ জনের ১০০টি লেখাই হুমায়ুন স্যারকে নিয়ে তাদের নিজস্ব অনুভূতি।”
হুমায়ূন ভক্তদের সংগঠনের 'হিমু পরিরহন'কে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনেরও পরিকল্পনা করছেন বলে জানান জোবায়ের কবির তুষার।
১৪ প্রকাশকের কর্মসূচি
এদিকে বিভিন্ন সময়ে হুমায়ূন আহমেদের বই প্রকাশ করা অন্য প্রকাশ, অনন্যা, অন্বেষা, কাকলী ও সময়সহ ১৪টি প্রকাশনীর প্রকাশকরা মৃত্যুবার্ষিকীর কর্মসূচি হাতে নিয়েছেন।
নেত্রকোনার কুতুবপুরে নন্দিত এ কথা সাহিত্যিক ও নাট্যকার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে মিলাদ, দোয়া ও রাতের খাবারের আয়োজন করেছেন তারা।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জানান, একই দিন বিকালে ঢাকার বাংলাবাজার এলাকায় অন্য প্রকাশের শোরুমেও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
নন্দিত এ কথা সাহিত্যিকের দ্বিতীয় পক্ষের দুই শিশু সন্তান নিষাদ ও নিনিত স্কুলে যাওয়া শুরু করেছে বলে জানিয়েছেন দ্বিতীয় স্ত্রী শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী।
তিনি জানান, নিষাদ ধানমণ্ডির একটি স্কুলে কেজি-টু ও নিনিদ প্লে শ্রেণিতে পড়ে।
