২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ-হত্যায় জড়িত সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর হাতিরঝিলে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

পুলিশ বলছে, নিহত গিয়াসউদ্দিন শফিক ওরফে আপন (২৮) একটি ছিনতাইকারী দলের সদস্য এবং গত ৩ জুলাই উত্তরায় এক নিরাপত্তাকর্মীকে খুন করে ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে হাতিরঝিল এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের এএসআই শহীদুল ও কনস্টেবল ইসমাইল আহত হন বলেও জানান তিনি।

জাহাঙ্গীর জানান, শেষ রাতে গোয়েন্দা পুলিশ হাতিরঝিল টহল দেয়ার সময় সন্দেহ হওয়ায় সাদা রঙের একটি গাড়িকে থামার সংকেত দেয়। কিন্তু গাড়ি না থামিয়ে সেখান থেকে পুলিশের দিকে গুলি ছোড়া হয়।

পুলিশও পাল্টা গুলি ছুড়লে গাড়ি হাতিরঝিল এক নম্বর সেতুর কাছে গিয়ে থেমে যায়। এরপর গোয়েন্দা পুলিশের তিনটি দল ওই গাড়ির কাছে গিয়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত যুবকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় গোয়েন্দা পুলিশ।

আপনের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতেন তিনি। এর আগে তিনি দুইবার গোয়েন্দা পুলিশের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন বলে ডিবির উপ-কমিশনার জাহাঙ্গীর জানান।

তিনি বলেন, “আপন প্রথমে গাড়ির চালকের সহকারী হিসাবে কাজ করতেন। পরে গাড়িচালক হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যান।”

গত ৩ জুলাই রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরে এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাধা দিলে লিয়াকত হোসেন লিটন নামের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করা হয়।পরদিন ভোরে মেয়েটিকে উত্তরা এলাকায় নামিয়ে দিয়ে যায় তারা।

ওই ঘটনাতেও আপন জড়িত বলে জানান জাহাঙ্গীর।

তিনি বলেন, আপনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ, অবৈধ অস্ত্র রাখা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১৫টি মামলা ঢাকার বিভিন্ন থানায় রয়েছে।

২০১০ সালে একবার সিএমএম কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে গিয়ে আপন পালিয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।