২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষমার ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের সন্তোষ

আঞ্চলিক সম্পর্ক জোরদারে নয়া দিল্লির উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জুনের শেষ দিকে বাংলাদেশে প্রথম বিদেশ সফর করেছেন দেখে আমাদের ভালো লেগেছে।”

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বুধবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির শুনানিতে তিনি একথা বলেন।

বিসওয়াল বলেন, সার্ককে শক্তিশালী করতে ভারতের নতুন সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে ‘নিকট প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছার’ প্রকাশ ঘটিয়েছেন।

“এটা ভারত ও ওই অঞ্চলের জন্য সুখবর এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও সহায়ক।”

তিনি বলেন, ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে এবং ‘আগামী দিনের এশিয়া কেমন হবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শক্তিশালী ভারত’।

“এবং ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ক্রমশ এক্ষত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

নরেন্দ্র মোদি সরকার ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করে দিয়েছে বলে মনে করেন নিশা দেশাই বিসওয়াল।

“শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ জানিয়ে তিনি এই বার্তাই দিয়েছেন যে, নিকট প্রতিবেশী ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহত্তর কৌশলগত ভূমিকা পালন করতে যাচ্ছে ভারত,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের নিয়ে সমৃদ্ধি ও শান্তির পথে’ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের।

তিনি বলেন, নিকট প্রতিবেশী দেশগুলোর চেয়ে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য অনেক বেশি, যা ‘বৈশ্বিক অর্থনীতির ব্যতিক্রমী দৃষ্টান্ত’।

“দক্ষিণ এশিয়া ও মহাদেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে ভারত এদিকে নজর দিতে পারে। এছাড়া আমাদের নতুন সিল্ক রোড ও ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক করিডোর স্ট্রাটেজির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহায়ক ভূমিকা পালনের ব্যাপারেও আমরা আশাবাদী।

“আমেরিকান কোম্পানিগুলোও ওই অঞ্চলে আমাদের নেতৃত্ব শক্তিশালী করার পক্ষে বলে আসছে।”

যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সংলাপে যোগ দিতে চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারত সফরের পরিকল্পনা করছেন বলে জানান বিসওয়াল।