২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্তদের রক্ত বিক্রি, ছয়জনের কারাদণ্ড

মাদকাসক্তদের এবং মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রির অপরাধে রাজধানীর মহাখালিতে সরকার অনুমোদিত একটি রক্ত সংগ্রহ কেন্দ্রের মালিক-কর্মচারীসহ ছয়জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার দুপুরে মহাখালির 'রোগী কল্যাণ ব্লাড ব্যাংক অ্যান্ড ডে কেয়ার সেন্টারে' ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম এ এইচ এম আনোয়ার পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আনোয়ার পাশা বলেন, “প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মাদকাসক্তদের কাছ থেকে নেয়া রক্ত এবং মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রির প্রমাণ পাওয়ায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৩৫ ব্যাগ রক্ত জব্দ করা হয়েছে।"

তিনি জানান, সাজাপ্রাপ্তদের পাঁচজনকে দুই বছরের এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

দুই বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল আজিজ, রবিউল ইসলাম, মো. রিপন, কালু মিয়া, সাইদুল ইসলামকে।

এছাড়া ইকবাল কবির নামে আরো একজনের এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) যোগেশ চন্দ্র রায় বলেন, “প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স রয়েছে, কিন্তু তারা এর আড়ালে মাদকাসক্তদের রক্ত এবং মেয়াদোত্তীর্ন রক্ত বিক্রি করেছে, এর লাইসেন্স বাতিলের ব্যবস্থা করা হবে।”