২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ার সময় স্থানীয় সরকার প্রকৌশলী গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে ‘ঘুষ নেয়ার সময়’ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে প্রকৌশলী মো. নুরুজ্জামানকে বিশ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন। নুরুজ্জামানকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নুরুজ্জামান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার হিসামদী গ্রামের প্রয়াত ফজলুল হক পেয়াদার ছেলে।

দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান জানান, রেইনবো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রামপাল উপজেলায় ২০১১-১২ অর্থ বছরে স্কুল ভবন নির্মাণের কাজ করে। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শেখ গোলাম আজম ওই কাজটি করতে নিয়ম অনুযায়ী আড়াই লাখ টাকা (সিকিউরিটি মানি) ফেরতযোগ্য টাকা জমা রাখেন।

“কাজটি শেষ করে জমা করা অর্থ ফেরত চাইতে গেলে নুরুজ্জামান ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে দুপুরে ঘুষের কুড়ি হাজার টাকা লেনদেনের সময় দুদকের একটি দল নুরুজ্জমানকে গ্রেপ্তার করে।”

এ ঘটনায় শামীম ইকবাল বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।