থানায় পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ গ্রেপ্তার
এক ঝুট ব্যবসায়ীকে ধরে এনে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর থানার উপ পরিদর্শক জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে মিরপুরের রূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের অভিযোগ, গত শনিবার মধ্যরাতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী ছেলেকে শংকরের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। তার আগে জাহিদুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা তাদের পেটায়।
সুজনের স্ত্রী মমতাজ সুলতানা জানান, থানায় নিয়ে যাওয়ার পর তার স্বামীকে আলাদা করে অন্য সেলে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে থানায় বসেই তিনি জানতে পারেন, সুজন মারা গেছেন।
পরে মমতাজ ও তার ছেলেকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। পুলিশের নির্যাতনেই সুজনের মৃত্যু হয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।
সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সুজন শাহ আলী থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার রাতে থানা হেফাজতে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হওয়ার আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর এস আই জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।
সুজনের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে এটিকে একটি হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হলে বুধবার বিকাল ৫টার দিকে জাহিদকে গ্রেপ্তার করা হয় বলে উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান।
সুজনের ভাই মাকসুদুর রহমান অভিযোগ করেন, প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে তার ভাইয়ের ঝুট ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন এস আই জাহিদ। আর তা না দেয়ায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়।
অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটির তদন্ত এখনো শেষ হয়নি।
সুজনের মা শাহিদা আকতার রাতে সাংবাদিকদের বলেন, উপপরিদর্শক জাহিদুরের বিরুদ্ধে থানায় কোনো মামলা করবেন না তারা। আদালতে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং শিশু ও নারী নির্যাতন আইনে অপর একটি মামলা করবেন।
