‘ভবন নির্মাণে অনিয়ম রানার হাত দিয়েই’
নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে বলা হয়েছে, নিয়ম ভেঙে রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে যাবতীয় অনিয়ম ও দুর্নীতি রানার হাত দিয়েই হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মফিদুল ইসলাম বুধবার ঢাকার আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা কৃপা সিন্ধু তালুকদার জানান, ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীন আহমেদ অভিযোগপত্রে ‘দেখিলাম’ লিখে সই করলে তা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেয়া হবে।
গত বছর এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের অন্তত ১১৩০ জন নিহতের পর ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এনে গত ১২ জুন মাসে এই মামলা করে দুদক। সে সময় রানাকে বাদ দিয়ে তার বাবা-মাসহ ১৭ জনকে আসামি করায় ব্যপক সমালোচনা হয়।
এরপর রানার নাম অন্তর্ভুক্ত করে মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই চার্জশিট অনুমোদন দেয়া হয়।
এ মামলার সার্বিক তদারককারী ও দুদকের পরিচালক তাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধানে দেখা গেছে, রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে কোনো রকম নিয়ম-নীতি মানা হয়নি এবং নকশা বহির্ভূতভাবে এই ভবন নির্মাণ করা হয়।
“ভবনের মালিকের নামের জায়গায় সোহেল রানার বাবা-মায়ের নাম থাকলেও ভবন নির্মাণে প্রভাব খাটানো থেকে শুরু করে আর্থিক অনিয়ম ও যাবতীয় দুর্নীতি সোহেল রানাই করেছেন। ওই ভবনে যে গার্মেন্ট কারখানাগুলো ছিল, তাদের মালিকদের সাথে রানাই যোগাযোগ ছিল বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।”
আদালতে জমা দেয়া অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে মোট ১৮ জনকে।
অভিযোগপত্রে আসামি হিসেবে রানার সঙ্গে আছে তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম এবং সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহর নামও।
বাকি আসামিরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, ওই ভবনের ভাড়াটে ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমসের এমডি বজলুস সামাদ এবং ইথার টেক্সের এমডি আনিসুর রহমান।
সাভার পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব, সাভার পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান ও সাবেক সচিব আবুল বাশারকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে।
গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের চারদিন পর সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, যাকে ওই ভবনের মালিক বলেই চেনে সবাই।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন সোহেল রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি ৫ তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।
রানা প্লাজা ধসের চার দিন পর গত বছরের ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার হন সোহেল রানা।
