ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ ‘খুন’
ব্রাহ্মণবাড়িয়া শহরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
সদর মডেল থানার এএসপি তাপস ঘোষ জানান, বুধবার বেলা ১২টার দিকে শহরের মধ্য মেড্ডার একটি বাসা থেকে শারমীন আক্তারের (২৩) লাশ উদ্ধার এবং তার শাশুড়িকে আটক করা হয়।
ঘটনার পর থেকে শারমীনের স্বামী রাজমিস্ত্রি শফিকুল ইসলাম পলাতক।
শফিকুলের মা আমেনা বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এএসপি তাপস আরো বলেন, “সম্ভবত মঙ্গলবার শেষ রাতে শারমিনের মৃত্যু হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে, ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না।”
লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শারমীনের মা মেহেরুনের অভিযোগ তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়ি মধ্য মেড্ডার পাশে চান্দেরপাড় এলাকায়। প্রায় পাঁচ বছর আগে তার মেয়ে ও শফিকুলের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। শফিকুল ও তার পরিবারের লোকেরা প্রায়ই তার মেয়ের ওপর নির্যাতন চালাত।
