২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির ইফতার অনুষ্ঠানে হাতবোমা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে কয়েকটি হাতেবোমার বিস্ফোরণ ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকার ‘কিং অব চিটাগাং’ নামের একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

এতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

বিএনপির অন্তঃকোন্দলের কারণে এই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

বিস্ফোরণের সময় কমিউনিটি সেন্টারের ভেতর বক্তব্য রাখছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান।

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিউনিটি সেন্টারের প্রবেশপথে একটি গাছের নিচে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এসময় সেখানে থাকা সীতাকুণ্ড বিএনপির কর্মী নুরুল হুদা পেট ও হাতে আঘাত পান।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে মোরশেদ খান ছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিটি মেয়র মনজুর ‍আলম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ।

ওসি ওমর ফারুক বলেন, “আসলাম চৌধুরী সাহেবের নেতৃত্বে অনুষ্ঠান হচ্ছিল। তাই হয়ত রাউজান বিএনপির কেউ ককটেল ফাটিয়ে থাকতে পারে।”

এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।

আহত বিএনপি কর্মী নুরুল হুদা একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানায়।

উত্তর জেলা বিএনপির ‍আহ্বায়ক কমিটি গঠনের আগে সভাপতি ছিলেন রাউজানের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

কয়েক মাস আগে কেন্দ্র থেকে ওই কমিটি বিলুপ্ত করে নবম সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়া আসলাম চৌধুরীকে আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর উত্তর জেলা বিএনপির দুই নেতার দ্বন্দ্ব চলছে।