শাহজালালে সাত যাত্রীর কাছে ১৪ কেজি সোনা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৯টি সোনার বারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রোববার দুপুরে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার রাশেদুল হাসান জানান, উদ্ধার করা সোনার ওজন প্রায় ১৪ কেজি, বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা।
ফাইল ছবি
শুল্ক কর্মকর্তারা জানান, ওই বিমানে দুবাই থেকে আসা ১৬০ জন যাত্রীর মধ্যে ৪২ জন সিলেটে নেমে যান। সেখান থেকে অভ্যন্তরীণ রুটের ৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় আসে। গ্রেপ্তার সাতজনও সিলেট থেকে উঠেছিলেন।
রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাঁটাচলা দেখে সন্দেহ হওয়ায় তাদের আলাদা করে তল্লাশি চালানো হয়। কারো কাছে ২০টি, কারো কাছে ১২টি করে বার ছিল। বারগুলো প্রত্যেকের পায়ে মোড়ানো ছিল।”
নাম প্রকাশ না করার শর্তে একজন শুল্ক কর্মকর্তা জানান, এ ধরনের ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের আলাদা করে অভ্যন্তরীণ এলাকা দিয়ে বের হওয়ার সুযোগ দেয়া হয়। এদের ক্ষেত্রে কাস্টমসের কড়াকড়ি খুব একটা না থাকায় চোরাকারবারীরা এর সুযোগ নিয়ে থাকে।
