২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ চাওয়ায়’ সাভার পল্লীবিদ্যুৎ কর্মকর্তা লাঞ্ছিত

নতুন মিটার সংযোগের জন্য ঘুষ চাওয়ার অভিযোগে সাভার পল্লীবিদ্যুৎ অফিসে হামলা ও এক নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে এক গ্রাহকের স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 06:08 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাভারের শিমুলতলা অফিসে এ ঘটনা ঘটে।

গ্রাহক শাখাওয়াত হোসেন অভিযোগ করেন, তার বড়ভাই আজগর হোসেন জামসিং এলাকার বাড়িতে নতুন মিটার সংযোগের জন্য গত বছরের ২৯ ডিসেম্বর আবেদন করেন। আবেদন নম্বর- ৭৭৮৭।

দীর্ঘদিন ঘোরানোর পর রোববার শিমুলতলা অফিসে গেলে ওয়্যারিংয়ের ছাড়পত্র দেয়ার জন্য ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন দুই হাজার টাকা দাবি করেন।

তিনি বলেন, “টাকা দিতে না চাইলে ওই কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন উত্তেজিত হয়ে আমার সঙ্গে আসা মিন্টু, কবীর, নুরু ও শুকু আলী খাতাপত্র ছুড়ে মারে।”

এ বিষয়ে ওয়্যারিং ইন্সপেক্টর সাবিনা ইয়াছমিন কোন কথা বলতে রাজি হননি।

ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে ওই কার্যালয়ে দায়িত্বরত উপ-মহাব্যবস্থাপক আক্তারুজ্জামান লস্কর বলেন, শাখাওয়াত হোসেন নতুন মিটার সংযোগের জন্য এসেছিলেন। এনিয়ে ইন্সপেক্টর সাবিনা ইয়াছমিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাখাওয়াত ওই ইন্সপেক্টরকে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে ওই গ্রাহকের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন মিটার সংযোগ দিতে দেরি হওয়ায় এক গ্রাহকের স্বজনরা উত্তেজিত হয়ে পল্লীবিদ্যুতের শিমুলতলা অফিসের ইন্সপেক্টর সাবিনা ইয়াছমিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা অফিসের আসবাবপত্র ও কাজগপত্র তছনছ করে। লাঞ্ছিত করে ওই নারী কর্মকর্তাকে। পরে অফিসের অন্যান্য কর্মকর্তারা এগিয়ে এলে তারা চলে যায়।