খালেদার দুই আবেদনের শুনানি পিছিয়েছে
দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতা নিয়ে আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি পিছিয়েছে।
ফাইল ছবি
আদালতে খালেদার পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, মো. আসাদুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
হাই কোর্টে এ সংক্রান্ত দুটি রিট খারিজের পর বিচার প্রক্রিয়া বন্ধ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
আপিল বিভাগে গিয়ে খালেদার আইনজীবীরা হাই কোর্টের আদেশের অনুলিপি পেয়ে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে সময় চান। আদালত আগামী ২১ জুলাই পরবর্তী দিন রাখেন।
এর আগে ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসে বিফল হন খালেদা জিয়া। এর বিরুদ্ধেও তিনি দুটি আপিলের আবেদন করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এই দুটি আবেদনের কথা তুললে আদালত আগামী ২৪ জুলাই এই দুই আবেদনের শুনানির জন্য সময় রাখে।
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।
গত ১২ মে বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দুটি রিট আবেদন করেন খালেদা।
দুই দিন শুনানির পর গত ২৫ মে সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রুল এবং মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ উভয় আবেদন খারিজের মত জানান।
নিয়ম অনুসারে এরপর আবেদনটি যায় প্রধান বিচারপতির কাছে। তিনি মামলাটি শুনানির জন্য বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে পাঠান। ১৯ জুন সেই আদালতেও আবেদনটি খারিজ হয়ে যায়।
